জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ১১:২৯ পিএম
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দীর্ঘদিনের সমস্যাটি দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
গত ৯ জুন একনেক সভায় ‘মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট’ প্রকল্পের সংশোধনী অনুমোদন পাওয়ায় এখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষকদের বেতন সরাসরি ব্যাংকে চলে যাবে। এর ফলে বেতন পরিশোধের বিলম্বজনিত ভোগান্তির অবসান ঘটবে।
মঙ্গলবার (১৬জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন ১৬ জুনও মাদরাসার শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তিনি টাকার অভাবে একজন শিক্ষকের মায়ের চিকিৎসা করাতে না পারার দুঃখজনক ঘটনাটিও উল্লেখ করেন।
এতে আরও বলা হয়েছে, ২০১৭ সালে প্রায় ১০ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে প্রথম ‘মেমিস’ প্রকল্পটি অনুমোদিত হয়েছিল। তবে বিগত সরকারের আমলে এই প্রকল্প থেকে ইএফটি কার্যক্রম বাদ দেওয়ার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে জটিলতা ও বাধা তৈরি হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এতদিন মাত্র ৮টি বিভাগের ৮টি মাদরাসায় পাইলটিং প্রজেক্ট হিসেবে ইএফটি চালু ছিল। বাকি দেশের সকল মাদরাসায় অ্যানালগ বা ম্যানুয়াল পদ্ধতিতে বেতন দেওয়ায় প্রতি মাসেই কয়েকদিন বিলম্ব হচ্ছিল।
এই সমস্যা সমাধানে বর্তমান সরকার প্রকল্পটিতে ইএফটি কার্যক্রম যুক্ত করে ‘দ্বিতীয় সংশোধিত (প্রস্তাবিত তৃতীয় সংশোধন)’ প্রস্তাব পাস করেছে।
এর ফলে প্রকল্পের বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকায়। নতুন এই সংশোধনী অনুমোদনের ফলে এখন দেশের সব মাদরাসার শিক্ষকরা স্বয়ংক্রিয়ভাবে দ্রুততম সময়ে বেতন পাবেন। খুব শিগগিরই এই সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে।
বিইউ/এএইচ