বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নং কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় দুই নারী শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।
সোমবার (১৬ জুন) ভোর ৫টার দিকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান এ তথ্য জানান।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।
জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ লঙ্ঘন করেছেন। অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে দেশি-বিদেশি যেকোনো ধরনের মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন কিংবা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তনুজা তিথি ও সানজিদা আমীর ইনিসীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তনুজা তিথির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরেরও সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে হল প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তনুজা তিথির নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।
প্রতিনিধি/এসএস