জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ১০:২৯ পিএম
মাধ্যমিক ও সমমান পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কর্মসূচির আবেদনের সময় বাড়িয়েছে সরকার।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে গত ১৪ জুন আবেদন গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছিল।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর এবং মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া ও অধ্যয়নরত শিক্ষার্থীরা ভর্তি সহায়তার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ বাধ্যতামূলক। শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ পদ্ধতিতে কমপক্ষে ৩.৫০ অর্জন করতে হবে।
এছাড়া এতিম, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্নআয়ের শ্রমজীবী পরিবারের সন্তান এবং জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে।
বাবা-মা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে। শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান—এ মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদ আপলোড করতে হবে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি এবং শিক্ষার্থী বা তার বাবা-মায়ের অনলাইন ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনপত্রের হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। ভর্তি সহায়তা সংক্রান্ত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
এম/এএইচ