নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ০৩:০০ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ উল্লেখকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নামে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবের হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই কর্মসূচি কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নয়; বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— আগামী তিন দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো সংশোধন করে ‘সংযুক্ত কলেজ’–সংক্রান্ত অংশ বাদ দেওয়া এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা। এছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে চলমান সব শিক্ষাবর্ষকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় সাত কলেজে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
এছাড়া আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন পরিচয়পত্র (আইডি কার্ড) সরবরাহের দাবিও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এম/এএস