বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব আংশিক কমিটি অনুমোদনের সময় সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি।
গত ৫ মে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চবি শাখার তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথিরকে আহ্বায়ক, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইলকে সদস্য সচিব এবং মো. উলফাতুর রহমান রাকিবকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা ছিল।
তবে নির্ধারিত সময় পেরিয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। সংগঠনসংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী বলছেন, সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন।
এ বিষয়ে চবি ছাত্রশক্তির সদস্য সচিব মো. ইসমাইল বলেন, পূর্ণাঙ্গ কমিটির কাজ চলছে। ঈদের ছুটির কারণে কিছুটা দেরি হয়েছে। সদস্য সংগ্রহসহ কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি হবে।
আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাথির বলেন, ৫০-৬০ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, আংশিক কমিটি হওয়ায় কিছুটা সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা পাওয়া গেছে, যাচাই-বাছাই চলছে। এ মাসের মধ্যেই প্রায় ৫০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আশা করছি।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিলুপ্ত করে জাতীয় ছাত্রশক্তি গঠন করা হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কমিটি।
প্রতিনিধি/এআর