বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৬ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা ও প্রশাসনে দুইজন জ্যেষ্ঠ শিক্ষককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।
শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. শামছুল আলম উপ-উপাচার্য (শিক্ষা) এবং অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে হবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তারা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর কাছে এবং ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।
অপরদিকে উপ-উপাচার্য(প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এত বড় দায়িত্ব পেয়ে। বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও শিক্ষার্থীদের যেকোনো স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।
প্রতিনিধি/এসএস