বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৬ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বাকৃবিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সব অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগ পায়, যা একটি অনন্য অর্জন।
শনিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইন্টার্নশিপ-২০২৬ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, আগে এ সুযোগ শুধু দুটি অনুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা সম্প্রসারিত হয়ে চারটি অনুষদে চালু করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করছে।
তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তব দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।
বিশ্বব্যাপী কৃষি ও প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে ভিসি বলেন, এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতাই তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ইন্টার্নশিপ কর্মসূচির মেয়াদ পর্যায়ক্রমে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা আরও গভীরভাবে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আব্দুল আউয়াল। ইন্টার্নশিপ কর্মসূচির সারসংক্ষেপ উপস্থাপন করেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী। এছাড়া চারজন ইন্টার্ন তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ৬৩ বছর পূর্তি করেছে। ২০২৬ সালে তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপ কর্মসূচিতে ১৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক, বিভিন্ন শাখার প্রধান, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এআর