ঢাকা মেইল ডেস্ক
০৬ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান। শনিবার (৬ জুন) দারুননাজাত একাডেমির উদ্যোগে ‘মিট উইথ ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘শিক্ষক হলেন জাতি গড়ার মহান কারিগড়। সত্যিকারের মানুষ গড়ায় শিক্ষকদের তুলনা নেই। কোমলমতি শিশুদের মানবিক, ভালো ও সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে একমাত্র শিক্ষকরাই। বর্তমানের শিশুরা সবচেয়ে বেশি ভালোবাসে শিক্ষকদের। এমনকি বাবা-মায়ের চেয়েও বেশি মান্য করে শিক্ষকদের। তাই শিক্ষকদের কাধে সবচেয়ে বড় দায়িত্ব।’
এই আইনজীবী বলেন, ‘দারুননাজাত একাডেমি হলো বর্তমানের আলীগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে কুসংস্কার ও অশিক্ষা থেকে মুক্ত করার জন্য আধুনিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছেন। আধুনিক চিন্তা, দর্শন ও মুসলিম সমাজকে সচেতন করার জন্য তিনি আমৃত্যু কাজ করেছেন। বর্তমানে দারুননাজাত একাডেমিকে সেই কাজ করতে হবে। শিশুকে একজন প্রাকটিসিং মুসলমান হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করতে হবে দারুননাজাত একাডেমি শিক্ষকদের।’
দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, ‘দারুননাজাত একাডেমি হলো মানুষের স্বপ্ন গড়ার কারিগড়। আগামী প্রজন্মকে সুযোগ্য, সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করতে হবে আমাদের। আমরা ভালো মানুষ তৈরি করতে না পারলে ভালো সমাজও গড়া সম্ভব নয়।’
নাজমুল ইসলাম বলেন, ‘দক্ষ, দেশপ্রেমিক, আদর্শ সুনাগরিক তৈরিতে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্যে প্রথমেই প্রয়োজন শিক্ষকদের জীবন-মান উন্নয়ন ও শিক্ষাকদের পেশাগত উন্নয়নে পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি করা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা মহিলা শাখার উপাধ্যক্ষ মাওলানা খান মুহাম্মদ সফিউল্লাহ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার (লিগ্যাল) অ্যাডভোকেট মু. বুরহানুর রহমান খান, দারুননাজাত একাডেমির অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী।
রাজধানীর ডেমরার সুলতান ফুড ল্যান্ডে আলোচনা সভাটি আয়োজিত হয়। -বিজ্ঞপ্তি
ক.ম/