images

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শুরু ৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৬, ১১:৫০ এএম

২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বুধবার (৩ জুন) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ আগস্ট পর্যন্ত। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার কোড ৪৩০১। প্রতিদিনের পরীক্ষা বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে এবং পরীক্ষার সময়কাল সংশ্লিষ্ট প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ডাউনলোড করে প্রিন্টের মাধ্যমে পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে পৃথকভাবে জানানো হবে।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

কেন্দ্র পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৪৫০ টাকা। এর মধ্যে ৩০০ টাকা পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০ টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এ সময়সূচি সংশোধন বা পরিবর্তন করতে পারবে।

এম/এএইচ