images

শিক্ষা

ঈদের ছুটিতে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ মে ২০২৬, ০৩:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ফটক এবং শহীদ সাজিদ ভবনের দেওয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। 

শনিবার (৩০ মে) দুপুরে পোস্টারগুলো নজরে আসে। 

পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিও ব্যবহার করা হয়েছে।

পোস্টারগুলোতে ‘শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে’, ‘বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’ এবং ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে’— এমন বিভিন্ন স্লোগান লেখা ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পোস্টারিং কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নেতৃত্ব দেন। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন শাখা ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম।

এ বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘রাজনীতি করার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়। মতভেদ থাকতে পারে, কিন্তু শিক্ষা সবার মৌলিক অধিকার। ক্যাম্পাসে সহাবস্থান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।’

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের বঞ্চিত করা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। শিক্ষাপ্রতিষ্ঠানে ভয় নয়, বরং জ্ঞান ও যুক্তির চর্চা হোক। প্রতিটি শিক্ষার্থী নিরাপদে পড়াশোনার সুযোগ পাক। আমরা আগে শিক্ষার্থী, পরে রাজনৈতিক কর্মী। তাই শিক্ষার অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে কেউ ক্যাম্পাসে প্রবেশ করে এমন কার্যক্রম চালিয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে।’

এএইচ