images

শিক্ষা

বেতন-এমপিওর দাবিতে ঈদের দিনও আন্দোলনে ইবতেদায়ি শিক্ষকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মে ২০২৬, ০২:১৪ পিএম

ঈদুল আজহার দিন যখন সারাদেশে চলছে উৎসবের আমেজ, তখন বেতন-ভাতা ও এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। ঈদ আনন্দ উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটি’ ব্যানারে গত ২১ মে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিনেও শিক্ষকদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

‎আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে আন্দোলন করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। যার ফলে ঈদের দিনেও রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা।

‎দাবি আদায়ে অবস্থা কর্মসূচি থেকে গত রোববার সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা। ‎কিন্তু পুলিশ আটকে দিলে ওই দিনই জরুরি বৈঠক করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা এবং ‘ঈদ বর্জন’ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা।

‎‎আন্দোলনরত শিক্ষকরা বলেন, ঈদুল আজহার সময় প্রতিটা পরিবারের সন্তানরাই আশায় থাকে তাদের অভিভাবকেরা কোরবানি করবে, ঈদের আনন্দ করবে। কিন্তু সরকার আমাদের বেতন-ভাতাই দিচ্ছে না। আমরা না পারি সন্তানদের একটা নতুন পোশাক কিনে দিতে, না পারি একটু ভালোমন্দ খাবার খাওয়াতে বা কোরবানি দিতে।

‎অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক কল্যাণ কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস অনুযায়ী মাদরাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা বহাল থাকবে।

‎দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন বলেও জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না বলেও জানান আব্দুল হান্নান।

‎এএম/এমআর