বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৫ মে ২০২৬, ০৩:২৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তরুণ প্রতিনিধিদলের সদস্য হিসেবে ১০ দিনের সফরে চীন যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।
ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ থেকে ১৪ জুন এই সফর অনুষ্ঠিত হবে। বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান।
চিঠিতে বলা হয়, সফরকালে প্রতিনিধিদলটি চীনের চংকিং ও সাংহাই সফর করবে। সেখানে তারা দেশটির উন্নয়ন কার্যক্রম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নগর পরিকল্পনা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাবেন।
প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি চংকিং জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট, সাংহাই এআই ল্যাব, টংজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস) পরিদর্শন করবে। পাশাপাশি বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়ের কথাও রয়েছে।
সফর প্রসঙ্গে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ব্বিশের গণ-অভ্যুত্থানের পর জাতীয় রাজনীতিতে তরুণদের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিএনপি সেই জায়গা থেকে তরুণদের গুরুত্ব দিচ্ছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তুলতে এবং তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে।’
চীন সরকারের খরচে আমন্ত্রিত এই ২০ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে যুবদলের ৬ জন এবং ছাত্রদলের ৬ জন নারী ও ৮ জন পুরুষ সদস্য রয়েছেন। আগামী ১৪ জুন প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি/একেবি