নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের পর কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১৮ মে) মিরপুরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা সহ্য করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।’
সভায় দেওয়া পাঁচ নির্দেশনার মধ্যে রয়েছে— অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করা এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন না করা। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্য পরিবহনকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিকে একই ব্যক্তি হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া কোনো অবস্থাতেই সাব-কনট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। মিড-ডে মিলের মান তদারকিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ATEO) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (DPEO) প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন।
বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান পর্যবেক্ষণে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিটিতে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে থাকবেন।
সভায় মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। অভিযোগগুলো দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিল প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম/এমআই