images

শিক্ষা / সারাদেশ

ধর্ষণচেষ্টার ঘটনায় জাবিতে নিরাপত্তা জোরদারে ১৪ সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৫ মে ২০২৬, ০৮:২১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৪ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত তুলে ধরেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রক্টর ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানান তিনি।

প্রক্টর বলেন, ‘গত ১২ মে রাতে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৪ মে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় ১৪টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা হটলাইন চালু, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের তথ্যভান্ডার প্রস্তুত করা।

এ ছাড়া ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্য বৃদ্ধি, প্রধান ফটক, সীমানাপ্রাচীর ও আলোর ব্যবস্থা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আল-বেরুনী হলের টিনশেড ভবন অপসারণ এবং বুলিং, সাইবার বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সহকারী প্রক্টরেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি