images

শিক্ষা

ডুয়েটে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২৬, ০২:২৩ এএম

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে। তাদের ভাষ্য, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ বেশি কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা-শিমুলতলী আঞ্চলিক সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল।

এর আগে ডুয়েট শিক্ষক সমিতি এক জরুরি সভায় অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এআর