images

শিক্ষা

দুই বছর পর থেকে ডিসেম্বরে হবে এসএসসি-এইচএসসি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৬, ০৪:২১ পিএম

আগামী দুই বছরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘২০২৭ সালে এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই শেষ হবে। এরপর জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরু করা হবে। এতে শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাবিরতি কমে আসবে। একই ধারাবাহিকতায় তারা যখন এইচএসসি পরীক্ষায় অংশ নেবে, তখন সেটিও ডিসেম্বরের মধ্যেই আয়োজন করা সম্ভব হবে।’

আরও পড়ুন: আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

তিনি আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থায় দীর্ঘ বিরতি কমিয়ে আনতেই সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। আরও দুই বছর পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা পুরোপুরি ডিসেম্বরে নেওয়া সম্ভব হবে।’

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বর্তমান সময়সীমা আরও কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমানে পাবলিক পরীক্ষার ফল প্রকাশে সর্বোচ্চ ৬০ দিন সময় নির্ধারিত রয়েছে। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময় আরও কমিয়ে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।'

পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'মূল্যায়ন পদ্ধতি আরও নির্ভুল ও কার্যকর করতে হবে। একই সঙ্গে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হবে। পরীক্ষক বাড়ানো গেলে খাতা মূল্যায়নের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে, ফলে ফল প্রকাশও ত্বরান্বিত হবে।'

এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলাকালে বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে পরীক্ষা চলাকালেও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হবে।

এম/এআর