images

শিক্ষা / সারাদেশ

পাঁচ দেশে ইন্টার্নশিপে যাচ্ছেন বাকৃবির ১৮ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১২ মে ২০২৬, ০৫:২২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন অনুষদের ‘ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬’-এর আওতায় ১৮ জন শিক্ষার্থী পাঁচটি দেশে ইন্টার্নশিপ সম্পন্ন করবেন। ১২ ক্রেডিটের ছয় মাস মেয়াদি এই কর্মসূচির ২২তম ব্যাচে মোট ১৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। 

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

পশু পালন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের সাবেক ডিন প্রফেসর (অব.) মো. নজমুল হাসান, প্রফেসর (অব.) ড. এস.ডি. চৌধুরী, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার পরিচালক ড. মাহফুজ আলম এবং সিপি বাংলাদেশ লিমিটেডের ডিপার্টমেন্ট ম্যানেজার মো. আনিসুর রহমান।

পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম ও জেসমিন আক্তার। স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আবুল হাশেম। ইন্টার্নশিপ কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন প্রফেসর ড. বাপন দে।

এছাড়া ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে বক্তব্য দেন প্রফেসর ড. রফিকুল ইসলাম খান, প্রফেসর ড. মো. রুহুল আমিন এবং সিপি বাংলাদেশের ড. মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে ইন্টার্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বর্তমান কর্মক্ষেত্রে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা মাঠপর্যায় ও শিল্পকারখানায় সরাসরি কাজ করার সুযোগ পাবে, যা তাদের পেশাগত দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান বলেন, আধুনিক কৃষি ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। ইন্টার্নশিপের মাধ্যমে অর্জিত ব্যবহারিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পশু পালন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে