images

শিক্ষা

ইবি ছাত্রদলের তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১১ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। 

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে ভিসি’র কার্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সদস্য সাব্বির হোসেন, রুকুজ্জামান অর্ক, রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের তিন দফা দাবিগুলো হলো— সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ‘ইসলামিক স্টাডিজ’ এবং ‘বাংলাদেশ স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করা; আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ কোটা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটালাইজেশনের মাধ্যমে গতিশীল করা।

স্মারকলিপি গ্রহণ করে ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামিক স্টাডিজ কোর্সের কাঠামো এমনভাবে তৈরি করা হবে যেন সকল ধর্মের শিক্ষার্থীরা তা পড়তে পারে। আর কোটা পদ্ধতি বাতিলের বিষয়টি গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল, কারণ বর্তমান ভর্তি কার্যক্রম গুচ্ছ পদ্ধতির অধীন।’

শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ভিসি আরও জানান, ভর্তি কার্যক্রমে ‘ওয়ান স্টপ পেমেন্ট সিস্টেম’ চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা যেন এক জায়গা থেকেই প্রয়োজনীয় সব সেবা পেতে পারে, সে লক্ষ্যে ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ চলছে।

প্রতিনিধি/একেবি