বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭ মে ২০২৬, ১১:০২ পিএম
গণভোট বাস্তবায়নের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে আমরা চাই না আন্দোলন রাজপথে গড়াক। তবে সংসদে এ সমস্যার সমাধান না হলে বাধ্য হয়েই রাজপথে নামতে হবে। বিষয়টি সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। সরকার কেন গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, তা তারাই ভালো বলতে পারবে।’
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো শক্তিশালী না হলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানও মজবুত হতে পারে না। রাজনৈতিক দল হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আগামী বাজেটে সরকার যেন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি করে এবং বিশেষ করে গবেষণা খাতে অর্থায়ন বাড়ায়, সেই আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে ভিসিদের সঙ্গে আমাদের একটি বৈরী সম্পর্ক ছিল, যা অনেকটা মালিক-দাসের মতো ছিল। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এগুলোকে দলীয়করণের ঊর্ধ্বে রাখতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও জুলাই গণ-অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘নান্দনিক সৌন্দর্যের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনন্য। জুলাই আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা শুরু থেকেই আমাদের সঙ্গে সমন্বয় করে আন্দোলন চালিয়ে গেছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য জুবাইরুল হাসান আরিফ, চবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একেবি