images

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে মাস্টার্স ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ০৪:৪১ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে আগামী ১৩ মে রাত ১২টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পাননি, স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি হয়ে পরে বাতিল করেছেন অথবা দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন পেয়েছেন—তাদের রিলিজ স্লিপের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে। তবে যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না।

আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশন থেকে ‘Masters Preli. (Regular) Login’-এ প্রবেশ করতে হবে। এরপর রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করে আবেদন ফরম পূরণ করা যাবে।

আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ নির্বাচন করে ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পারবেন। একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি কলেজে পছন্দক্রম অনুযায়ী বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন।

আবেদন ফরম পূরণের পর সেটি ডাউনলোড করে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। তবে আবেদন ফরম কোনো কলেজে জমা দিতে হবে না এবং এ জন্য কোনো ফিও দিতে হবে না। এছাড়া রিলিজ স্লিপের আবেদন কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নেরও প্রয়োজন হবে না।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম।

এম/এআরএম