বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৭ মে ২০২৬, ০৩:১৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ভিসি ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী, সন্তান ও তৃতীয় পক্ষের মাধ্যমে কোটি কোটি টাকার ‘নিয়োগ বাণিজ্য’ করার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাথমিক তথ্য পাওয়া গেছে যে, তার পরিবার অবৈধ আয়ের মাধ্যমে কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয়সহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং তা গোপন করার চেষ্টা চালাচ্ছেন।
দুদক উল্লেখ করেছে, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের মূল আয়কর নথি, স্থায়ী নথি ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সকল তথ্য ও রেকর্ডের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দ করা জরুরি। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন এবং তাদের পুত্র প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
প্রতিনিধি/একেবি