images

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৬, ০৭:০০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলে দেখা গেছে, ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ৮০.৩৬ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছে।

গত ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হলো।

এসএমএসের মাধ্যমে ফল জানতে nuathnApplication ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Honour’s Tab-এ গিয়ে Admission Test Result অপশন থেকে ফল জানা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য Prospectus (Honours) ও Important Notice অপশনেও পাওয়া যাবে।

ফল প্রকাশের সময় প্রো উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/এআর