নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৬, ০৭:৪২ পিএম
খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদের মেধা ও মননের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বছর জুড়ে খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে ওদের মেধা ও মননের সংস্কার হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে- এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল।’
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে এভাবে সারাদেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে এসেছিল। আজকে তারই জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারাদেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন।’
তিনি বলেন, ‘বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি (তারেক রহমান) এই অনুষ্ঠান শুরু করেছেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এই বিষয়ে কোনো কার্যকর প্রদক্ষেপ নেয়নি। আজকে প্রধানমন্ত্রী চাচ্ছেন আনন্দের মধ্য দিয়ে শিক্ষা। খেলাধুলার মধ্য দিয়ে তাদের জীবন যাপন উন্নত করার জন্য নতুন কুঁড়ি শুরু করেছেন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এর আগে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোটর্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযোগ হতে পারেনি।
এএইচ