images

শিক্ষা / সারাদেশ

‘এসব দিবস বুঝি না, যেটা আমার পাওয়ার কথা সেটা পেলেই খুশি’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০১ মে ২০২৬, ০৫:০১ পিএম

আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে যখন শ্রমিকদের অধিকার, মর্যাদা আর ন্যায্য প্রাপ্য নিয়ে উচ্চারিত হচ্ছে নানা প্রত্যয়, তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অসংখ্য শ্রমজীবী কর্মচারীর জীবন যেন সেই উৎসবের বাইরেই রয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিং কর্মী, বাবুর্চি, নিরাপত্তারক্ষী ও মাঠপর্যায়ের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছে মে দিবস আলাদা কোনো দিন নয়। অন্যসব দিনের মতোই এই দিনেও তারা ব্যস্ত থাকেন দায়িত্ব পালনে। কেউ ভোরের আলো ফোটার আগেই রান্নাঘরে চুলা জ্বালান, কেউ সারারাত জেগে পাহারা দেন শিক্ষার্থীদের নিরাপত্তা, আবার কেউ তপ্ত রোদ কিংবা বৃষ্টিকে সঙ্গী করে কাজ করেন মাঠে-ময়দানে।

দীর্ঘদিন ধরেই সীমিত বেতন, পর্যাপ্ত ছুটির অভাব ও অনিশ্চিত সুযোগ-সুবিধার মধ্যেই তারা নীরবে সেবা দিয়ে যাচ্ছেন। জীবনের কঠিন বাস্তবতা চেপে রেখে প্রতিদিন অন্যের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহকারী বাবুর্চি মো. আমিরুল ইসলাম জানান, তিনি ১৯৯৪ সাল থেকে টানা ৩২ বছর ধরে কর্মরত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ-সুবিধা পাই না। মাসে ৩০ দিন কাজ করি, কিন্তু ২২ দিনের বেতন পাই। ২৪ ঘণ্টার কাজ, সাপ্তাহিক ছুটিও নাই। এটাই আমাদের রান্নাঘরের বাবুর্চিদের জীবন।

0ebac532-671e-4e6e-9e2a-bdd0229799ca

১৯৮৭ সাল থেকে এই হলে কাজ করছেন জানিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ডাইনিং কর্মী মমতাজ বলেন, আমরা ডাইনিংয়ে কাজ করি, ছাত্রদের খাওয়া-দাওয়া রান্নাবান্না করি। সকাল ৭টা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত কাজ থাকে। এরপরও ছাত্ররা রান্না করলে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয়। ডাইনিংয়ে কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই, সব সময় কাজ।

তিনি আরও বলেন, ঈদেও তারা প্রকৃত ছুটি পান না। কোরবানির ঈদে সকালে কাজ করে রাতে আবার ডিউটি করতে হয়। রোজার ঈদেও দিনে কিছুটা সময় ছুটি মিললেও রাতে কাজে ফিরতে হয়। দিবস প্রতি বছর আসে, কিন্তু আমাদের তো আসলে কোনো ছুটি নাই।

ডাইনিং কর্মীদের অভিযোগ, তারা মাসে ৩০ দিন কাজ করলেও বেতন পান মাত্র ২২ দিনের। জনবল সংকটের কারণে পুরো মাস কাজ করতে হলেও অতিরিক্ত দিনের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাবুর্চি জানান, আগে তাদের দৈনিক হাজিরা ছিল ৬০০ টাকা, ফলে ৩০ দিন কাজ করে তারা ১৮ হাজার টাকা বেতন পেতেন। বর্তমানে দৈনিক হাজিরা বাড়িয়ে ৭৫০ টাকা করা হলেও হিসাব অনুযায়ী ৩০ দিনের বেতন ২২ হাজার ৫০০ টাকা হওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছেন মাত্র ১৬ হাজার ৫০০ টাকা, যা ২২ দিনের বেতনের সমান।

ee3586e7-b0de-41d0-b9e1-9784a449867c

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার সাধারণ ছুটি থাকলেও ডাইনিং কর্মীদের ওই দুই দিনও কাজ করতে হয়, তবে সেই দিনের জন্য কোনো অতিরিক্ত বেতন দেওয়া হয় না। এসব দিবস বুঝি না, যেটা আমার পাওয়ার কথা সেটা পেলেই খুশি।

অন্যদিকে নিরাপত্তারক্ষীরাও জানিয়েছেন ভিন্ন ধরনের ভোগান্তির কথা। প্রশাসনিক ভবনে দায়িত্ব পালনরত নিরাপত্তারক্ষী মোহাম্মদ মনিরুল হক বলেন, দায়িত্ব পালনকালে কোনো জিনিস চুরি হলে তার ক্ষতিপূরণ অনেক সময় তাদের বেতন থেকেই কেটে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ধরেন প্রশাসনিক ভবনে একটা সার্ভিস তার চুরি হয়ে গেল বা রাতে ডিউটির সময় একটি এসি খুলে নিয়ে গেল, এসবের দায় আমাদের ওপর পড়ে। অনেক সময় বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়।

f66d3760-3da2-4361-82cd-daf65086b592

প্রশাসনিক সহযোগিতা না পেয়ে তারা অসহায় বোধ করছেন এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত বেতন কর্তন বন্ধের দাবিও জানিয়েছেন তিনি।

নানা অভিযোগের পাশাপাশি কিছু বিষয়ে ভালো লাগার কথাও জানিয়েছেন বাকৃবির হর্টিকালচার ফিল্ডের মাঠকর্মী রিপন। তিনি বলেন, কষ্ট হয় অনেক। রোদে-বৃষ্টিতে কাজ করতে হয়, তারপরও মেনে নিই। স্যাররা দেশের জন্য কাজ করেন, অনেক কিছু আবিষ্কার করেন। আমরাও এটার অংশ, এটা ভেবেই ভালো লাগে।

মে দিবসে বাকৃবির সব কর্মচারীর একটাই প্রত্যাশা ন্যায্য মজুরি, সাপ্তাহিক ছুটি, উৎসবের ছুটি এবং প্রশাসনিক নিরাপত্তা। শ্রমিক দিবসের মূল চেতনা যেন তাদের জীবনেও বাস্তব হয়ে ওঠে, সেই অপেক্ষাতেই রয়েছেন তারা।

প্রতিনিধি/এসএস