নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম
সংবাদ সংগ্রহ করতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে কর্মরত ৩৭০ জন সাংবাদিক।
বুধবার (২৯ এপ্রিল) এক যৌথবার্তায় তারা এই নিন্দা জানান।
যৌথবার্তায় তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তারা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতিপয় নেতাকর্মীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বার্তায় সাংবাদিকরা উল্লেখ করেন, এ ঘটনা শুধু স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাতই নয়, বরং এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের হামলা দেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
সাংবাদিকরা আরও বলেন, ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি সুপরিকল্পিত প্রবণতার অংশ বলে তারা মনে করছেন। তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, তাই তাদের কণ্ঠরোধ করার যেকোনো প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করে দেয়।
যৌথবার্তায় হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সবশেষে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে, ভয়ভীতি প্রদর্শন করে বা দমন করে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। দেশের সব ক্যাম্পাস সাংবাদিক ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে বলে তারা উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ন্যায়সঙ্গত দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।
বিভিন্ন ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জন হামলাকারী ও একজন মূল উস্কানিদাতাকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- হামলার মূল উস্কানিদাতা মহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত।
হামলাকারীরা হলেন- বিজয় একাত্তর হল ছাত্র সংসদে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী সানিন সায়েদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের কর্মী জহিন ফেরদৌস জামি, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান সাদ, একই হল শাখা ছাত্রদলের কর্মী আশ শামস, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি সৈকত মোরশেদ ও আমান উল্লাহ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সহকারী সাংগঠনিক সম্পাদক রিজভী আলম।
এসএইচ/এএইচ