images

শিক্ষা

জবির ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতার উপহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা শিক্ষার্থী হাবিবুর রহমানকে ব্যাট উপহার দিয়েছেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর হাতে ব্যাট তুলে দেওয়া হয়। এ সময় শাহরিয়ার হোসেন উপস্থিত থেকে তার হাতে ব্যাট তুলে দেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, নেতৃত্বগুণ ও দলগত মানসিকতা গড়ে তোলে। হাবিবুর রহমানের মতো প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা প্রয়োজন।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা দরকার। অনেক শিক্ষার্থী সীমিত সুযোগ–সুবিধার মধ্যেও নিজেদের প্রতিভা প্রমাণ করছে। তাদের এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ব্যাট উপহার প্রদানকারী জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, হাবিবুর রহমান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলে সেমিফাইনালে উঠেছেন, যা প্রশংসনীয়। এমন অর্জনকে স্বীকৃতি দেওয়া হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ব্যাট পেয়ে হাবিবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। তিনি বিশ্ববিদ্যালয়ের হয়ে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন হাবিবুর রহমান।

প্রতিনিধি/এআর