নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
আগামী জুলাই থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু হচ্ছে। এর আওতায় সারা দেশের প্রতিটি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের কাছ থেকে। সরকারের এ উদ্যোগে দেশের বড় বড় শিল্পগোষ্ঠীও অংশ নিচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যে এ কর্মসূচিতে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছেন। চলতি বছরে এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও আগামী অর্থবছরে বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ধীরে ধীরে দেশের প্রতিটি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ডিজাইনের একরঙা ড্রেস, ব্যাগ ও জুতা থাকবে, যাতে সারাদেশে একটি অভিন্নতা বজায় থাকে।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বই ও মিড-ডে মিল পেয়ে থাকে। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পোশাক ও আনুষঙ্গিক খরচও বহন করতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘শিক্ষার্থীদের সহায়তায় সরকারের এ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান অংশ নেবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও জুতা সরবরাহের পাশাপাশি ভবিষ্যতে স্কুলগুলোর জন্য বৈদ্যুতিক বাস দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’
এএইচ/এমআই