images

শিক্ষা

শিক্ষার্থীদের সমাজকল্যাণে কাজের আহ্বান ঢাবি উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেছেন, ‘তাদের কার্যক্রমে সমাজ ও মানুষের কোনো ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’

সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ধনী-গরিব ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান শিক্ষার সুযোগ রয়েছে। এই সুযোগের যথাযথ ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে যুগোপযোগী গ্র্যাজুয়েট হিসেবে প্রস্তুত হতে হবে। পাশাপাশি কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভ্যালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান।

নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন কমিউনিকেশন ডিজঅর্ডার্স বিভাগের শিক্ষার্থী বিশাখা দত্ত এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভ্যালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী প্রথমা গাঙ্গুলী। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় সামাজিক বিজ্ঞান অনুষদসহ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভ্যালনারেবিলিটি স্টাডিজ এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

এম/এএস