জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং আশপাশের রেস্তোরাঁগুলোতে খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর। রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযানে একাধিক রেস্তোরাঁয় রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পাওয়া যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকদের সতর্ক করা হয় এবং দ্রুত পরিবেশ উন্নয়নের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে ভবিষ্যতে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা ক্যাম্পাস সংলগ্ন দোকানগুলোতে পরিদর্শন অভিযান চালাই। কিছু দোকান পরিষ্কার থাকলেও বেশ কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে খাবারের পাত্র অপরিষ্কার পাওয়া যায়। সংশ্লিষ্টদের সতর্ক করে কয়েক দিন সময় দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হবে। নির্ধারিত সময়ে উন্নতি না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ক.ম/