নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম
ফাঁস হয়ে গেছে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই মিথ্যাচার করছে একটি অসাধু চক্র। এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট এবং শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (২৫ এপ্রিল) দেওয়া ওই সতর্কবার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
এ প্রেক্ষিতে, ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়।
প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশে প্রশ্নফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এএইচ