images

শিক্ষা

সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনবো: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ সেশনজট পুরোপুরি দূর হবে বলে আশা করা হচ্ছে। ২০১৬ সাল থেকে সেশনজটের সূত্রপাত, যা পরবর্তী সময়ে করোনা মহামারি ও বিভিন্ন জাতীয় ঘটনার কারণে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই এ জট কাটিয়ে ওঠার লক্ষ্যে কাজ চলছে।’

সেশনজট নিরসনে অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘গত দুই বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে পূর্বের জট অনেকটাই কমে এসেছে। আগামী জুনের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ সেশনজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছি।’

মানসম্মত শিক্ষা নিশ্চিতের প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার কলেজ রয়েছে, যার মধ্যে ৮৮০টিতে স্নাতক কোর্স চালু আছে। তবে এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘গত এক যুগে পরিকল্পনা ছাড়াই বিভিন্ন কলেজে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ল্যাব সুবিধা ও পর্যাপ্ত যোগ্য শিক্ষক নেই। এসব বিষয় পর্যালোচনা করে যেসব কলেজ মানদণ্ড পূরণে ব্যর্থ হবে, সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

এম/এমআই