images

শিক্ষা

পতিত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হবে: আইনমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে বিদ্যুতের চাহিদা ও তেল আমদানির বিকল্পে প্রতিটি জেলায় পতিত জমির সদ্বব্যবহার করে সৌরবিদ্যুৎভিত্তিক প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তা দৃশ্যমান দেখতে পাবো। সবাই স্বপ্নের পাহাড় নিয়ে এসেছেন। সেই স্বপ্ন, চিন্তা ও শ্রম প্রথমে শৈলকূপা ও পরে এ অঞ্চলের জন্য। কারণ সবার আগে ঝিনাইদহ-কুষ্টিয়ার জন্য করতে পারলে বাংলাদেশকেও কিছু দেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের সুবিধার্থে রেললাইন বাস্তবায়নের কাজ শুরু হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দ্বিতীয় পদ্মা সেতু তৈরিতে কর্মসংস্থান, অর্থনীতি ও শিল্পায়নে কী প্রভাব পড়বে, তা ভাবছে সরকার।’

আইনমন্ত্রী দাবি করেন, মানুষের ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তাঁর কথা রেখেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন। প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা প্রায় ১১ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করেছি। এ ছাড়া ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু করে প্রথম দিনেই ৩৮ হাজার ফ্যামিলি কার্ড ইস্যু করেছি।’

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘রাজনৈতিক বিরোধ আদর্শিকভাবে থাকবেই। এ জন্য হানাহানি, রক্তপাত থাকবেই। কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে সবার চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাব। আমরা এ অঞ্চলের ন্যায্য হিস্যা চাই। অবহেলিত জনপদের ভালো ও সুখের জন্য যা করণীয় তা করে যাবো।’

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জুলাইয়ের শহীদ ইয়ামিনের পিতা মোহাম্মদ মহিউদ্দিনসহ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআই