images

শিক্ষা

ঢাবিতে হামলা: সাংবাদিকদের দাবির প্রতি ছাত্রশক্তির একাত্মতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিক সমিতির ঘোষিত তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাবি ছাত্রশক্তির দফতর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে “ন্যক্কারজনক” আখ্যা দিয়ে জাতীয় ছাত্রশক্তি জানিয়েছে, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

সংগঠনটি দাবি করে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন। এতে সংগঠনের সভাপতি মানজুর হোসেন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে আরও রয়েছেন নাইমুর রহমান ইমন, খালিদ হাসান, সামশুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, সৌরভ ইসলাম ও আসাদুজ্জামান খান।

সাধারণ সম্পাদক লিটন ইসলাম অভিযোগ করেন, বিপুলসংখ্যক নেতাকর্মী পরিকল্পিতভাবে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, এ ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টানা দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন, যা একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

জাতীয় ছাত্রশক্তি এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনতিবিলম্বে সেগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

এম/এমআই