বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার প্রতিবাদে এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রতিবাদ মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে শান্ত চত্ত্বরে এসে শেষ হয়।
এ সময় তারা ‘গুপ্ত রাজনীতি, চলবে না চলবে না’, স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার, লুঙ্গির তলে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার সহ নানা স্লোগান দেয়।
জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তৈরি একটি বিতর্কিত ফটোকার্ড শিবিরপন্থী প্যানেল থেকে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা আব্দুল্লাহ আল মাহমুদ সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই তিনি পোস্টটি মুছে ফেলেন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেন। একই সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল প্রাইভেট করে দেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, কুরুচিপূর্ণ ও নোংরা আচরণের কোনো স্থান সভ্য সমাজে নেই। এ ধরনের কর্মকাণ্ড যারা করে, তারা কখনোই মানুষের আস্থা পাবে না। সাধারণ মানুষ এসব অপসংস্কৃতি মেনে নেবে না, প্রয়োজনে প্রতিহত করবে। তাই এখনই এসব কার্যক্রম থেকে সরে এসে দায়িত্বশীল আচরণ করা উচিত।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সারাদেশে অব্যাহত জামাত শিবিরের প্রোপাগান্ডা এবং জাইমা রহমান ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই প্রগতিশীল রাজনীতির ধারক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের যে গুপ্ত রাজনীতি এবং তাদের যে অপপ্রচার, তার বিরুদ্ধে আমরা অতীতেও সোচ্চার ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতেও থাকব। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নোংরা গুপ্ত রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদার, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল'সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআরএম