images

শিক্ষা

বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম’: ডাকসু নেতা জুবায়ের

ঢাকা মেইল ডেস্ক

২৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ এএম

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে জুবায়ের হামলার বর্ণনা দিয়ে লিখেছেন, ‘বেঁচে আছি এখনো, নাও থাকতে পারতাম হয়তো। আল্লাহর ইচ্ছা।’ 

ফেসবুক পোস্টে জুবায়ের উল্লেখ করেন, একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক শিক্ষার্থীর ওপর ছাত্রদলের নেতাকর্মীরা চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ওই শিক্ষার্থীকে সহযোগিতা করতে যাওয়া আরও কয়েকজনকে আটকে রাখা হলে এবং সূর্যসেন হল সংসদের সদস্য আলভিকে মারধর করা হলে ডাকসু প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন। 

জুবায়ের লেখেন, ‘আমরা ডাকসুর প্রতিনিধি। শিক্ষার্থীদের বিপদে-আপদে আমাদের একটা দায়িত্ব আছে। মুসাদ্দিক, জুমা, উম্মে সালমাসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি সেখানে যাই প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের শিক্ষার্থীদের নিয়ে আসতে। কিন্তু থানায় ঢোকার মুখে গেট থেকেই আমাদের ওপর হামলা শুরু করে ছাত্রদলের সন্ত্রাসীরা। দুই শতাধিক সন্ত্রাসী ঘিরে ধরে বৃষ্টির মতো ঘুসি, কিল, লাথি মারতে থাকে।’ 

হাসপাতালের বেডে শুয়ে জুবায়ের তার সংকল্প পুনর্ব্যক্ত করে লিখেন, ‘বাকিটা দেখলেনই! গা-ভর্তি ব্যথা নিয়ে শুয়ে আছি হাসপাতালের বেডে। যাইহোক, এসব করে আমাদের দমিয়ে রাখা যাবে না। সন্ত্রাস, সহিংসতা, গণরুম ও গেস্টরুমের কালচার যারাই ফিরিয়ে আনতে চাইবে, তাদের সামনেই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো।’ 

পোস্টের শেষে তিনি হামলাকারীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘কি আর করবেন? মেরেই ফেলবেন না হয়! মারেন অসুবিধা নাই। কিন্তু মেরে ফেলার আগ পর্যন্ত এই লড়াই চলবেই ইনশাআল্লাহ।’ 

বর্তমানে তিনি শারীরিকভাবে বিধ্বস্ত থাকায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং কিছুটা সুস্থ হয়ে সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।