images

শিক্ষা

ভুয়া স্ক্রিনশর্ট বিতর্ক: ঢাবি শিক্ষার্থীকে শোকজ, তদন্তে ২ কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে এআই-জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা) কথিত এক স্ক্রিনশট ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্তসমূহ পরবর্তীতে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র এবং ঢাবি শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক। তার নামে ছড়ানো একটি কথিত অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ নিশ্চিত করেছে যে, সংশ্লিষ্ট স্ক্রিনশটটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি এবং আব্দুল্লাহ আল মাহমুদের নামে সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। এর আগে উক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে হল প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা।

উদ্ভূত পরিস্থিতি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে শোকজ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলেছে। এ ছাড়া পুরো ঘটনা খতিয়ে দেখতে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খানকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে কতিপয় সংবাদকর্মীকে শাহবাগ থানায় মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে আরও একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় হলের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ধারণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে; তাই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।