images

শিক্ষা

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে তদন্ত কমিটি গঠন, দেয়াল লিখনে নিষেধাজ্ঞা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি তদন্তের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং একই হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান।

তদন্ত কমিটি এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত এই কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। একই সাথে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।