images

শিক্ষা

৭৪ শিক্ষকের বেতন স্থগিত, ১২৮ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

জাল ও ভুয়া সনদের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে ৭৪ জন এমপিওভুক্ত শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে এবং আরও ১২৮ জন প্রভাষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

তিনি বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষা খাতে অনিয়ম সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) নিয়মিতভাবে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন সময়ে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষার মাধ্যমে জাল ও ভুয়া সনদে শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ধরনের অনিয়মের বিষয় উদঘাটিত হয়েছে। এসব অনিয়মের বিরদ্ধে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও মন্ত্রী জানান।

এমএইচএইচ/এএইচ