নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালকের অতিরিক্ত থেকে চলতি দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে তিনি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত) দায়িত্বের পাশাপাশি মাধ্যমিক শাখার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর তিনি একান্ত সচিবের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
শিক্ষার গুরুত্বপূর্ণ এই দপ্তরে নিয়মিত মহাপরিচালক না থাকায় তাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো। এ চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয় এবং এর ভিত্তিতে তিনি কোনো পদোন্নতির দাবি করতে পারবেন না।
এছাড়া বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে তার যোগদানের তারিখ থেকে এ চলতি দায়িত্বের আদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম/এএস