images

শিক্ষা

নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে জানানো হয়, দেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধনের পর সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কয়েকটি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা সরাসরি নিবন্ধনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়টি অবহিত করতে হবে।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে নির্দেশনাসংক্রান্ত তথ্য প্রদর্শন, প্রতিষ্ঠানের প্রবেশপথে অনুমোদিত ব্যানার টানানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বিষয়ে প্রচার কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

এম/এফএ