বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ সংবলিত দেয়াল লিখনের সামনে ফটোসেশন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের একটি দেয়ালে এ দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, ‘‘গুপ্ত বলতে কিছু নেই; ছাত্রশিবির তো কোনো গুপ্ত সংগঠন নয়। আমরা ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠক ও নববর্ষ প্রদর্শনীসহ বিভিন্ন প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের নেতাকর্মীরা প্রকাশ্যে উপস্থিত ছিলেন। এমনকি আমাদের নেতাকর্মীরা রাকসু ও হল সংসদেও নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্যাম্পাসে সবার সামনেই রাজনীতি করেন। তাহলে ছাত্রশিবির ‘গুপ্ত’ হলো কীভাবে?’’
তিনি আরও বলেন, ‘‘যারা গত ১৭ বছর প্রকৃত অর্থে গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করছে। ছাত্রশিবির কখনো আত্মগোপনে ছিল না। আমাদের কোনো নেতাকর্মী লন্ডনে পালিয়ে যাননি; বরং আমরা গত ১৭ বছর দেশের মাটিতেই জেল-জুলুমের শিকার হয়েছি। এখন যারা লন্ডন থেকে এসে রাজনীতি করছেন, তাদের এত নেতাকর্মী আগে কোথায় ছিল?’’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘‘আমরা এই পথ দিয়ে চা খেতে যাচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরা কষ্ট করে এটি লিখেছে, তাই স্মৃতি হিসেবে ছবি তুলেছি। আমরা তাদের দাবির সঙ্গে একমত; এ দেশে গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। দেশে থেকে দেশের মানুষের জন্যই রাজনীতি করতে হবে।’’
তিনি আরও যোগ করেন, ‘এ দেশে রাজনীতি করতে হলে দেশেই থাকতে হবে এবং জেল-জুলুম সহ্য করার মানসিকতা থাকতে হবে। যারা বিপদ দেখলে লন্ডনে পালিয়ে যায়, বাংলাদেশের মানুষ তাদের ‘গুপ্ত’ রাজনীতি আর চায় না। দেশ থেকে পালিয়ে লন্ডন বা ইন্ডিয়া গিয়ে রাজনীতি করার দিন শেষ। আমরা এর অবসান চাই।’
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় রাবির পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় আজ সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।
প্রতিনিধি/একেবি