বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের তিন নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুস সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী।
অভিযোগকারী তিন শিক্ষার্থী পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীরা দাবি করেন, নাজমুস সাকিব তাদের বিভাগের একই বিভাগের একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে একসঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।
এছাড়া সম্পর্ক চলাকালে অভিযুক্ত শিক্ষার্থী তাদের একটি ছাত্রী সংগঠনে যোগ দিতে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্ত নাজমুস সাকিবের সঙ্গে সংগঠনটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
অন্যদিকে ছাত্রদলের নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন, নাজমুস সাকিব ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা অভিযোগ করেন, জকসু নির্বাচনের সময় অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।
উভয় সংগঠনই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুস সাকিবকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, প্রক্টর অফিসে ভুক্তভোগী তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিষয়ক আলাদা সেল আছে, তাই অভিযোগটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।
এএইচ