images

শিক্ষা

ঢাবিতে প্রায় হাজার ছাত্রীর অংশগ্রহণে ছাত্রীসংস্থার নবীন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুলিশের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এতে প্রায় ৯৩০ জন নবীন ছাত্রীকে নিয়ে বর্ণাঢ্য নবীন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার নারী শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানাযন, দুপুর ২টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী ঘোষণা করেন ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, সিনেট সদস্য এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জারি বিভাগের প্রধান কানিজ ফাতিমা রিফাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ দেন।

20

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বিশ্ববিদ্যালয় জীবনের সঠিক ব্যবহার, সময়ের মূল্য, আদর্শ চরিত্র গঠন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া বক্তব্য দেন আস সাহওয়াহ ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন। তিনি আত্মগঠন ও ধারাবাহিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। 

অনুষ্ঠানে বক্তব্য বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদিকা তাহসিনা বলেন, নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ, নৈতিক মূল্যবোধ গঠন, জ্ঞানচর্চা। ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে সাইমন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত, কাওয়ালি ও গীতি-আলেখ্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সংবর্ধনা উপলক্ষে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, ফুল, পবিত্র কুরআন, মূল্যবান বই, টোট ব্যাগ, নোটবুক, কলম ও স্ন্যাক্সসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে সাবিকুন্নাহার তামান্নার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিক অংশগ্রহণ এবং প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ নবীন সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।

এমআর/এএইচ