নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। প্রকাশিত ফলে দেখা গেছে, পরীক্ষা না দিয়েও ৫৩ জন শিক্ষার্থীকে উপস্থিত হিসেবে দেখানো হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের কোনো সদস্য না থাকায় সেখানকার তথ্য মৌখিকভাবে সংগ্রহ করা হয়েছে, যার ফলে কিছু গড়মিল তৈরি হতে পারে। বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রকাশিত তথ্যমতে, মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন, যা মোট আবেদনকারীর ৭৫.৭৯ শতাংশ। তবে আগের দিন প্রকাশিত তথ্যে উপস্থিতি ছিল ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন। ফলে উপস্থিতির হিসাবে ৫৩ জনের অমিল ধরা পড়ে।
পাশের হারেও অসঙ্গতি লক্ষ্য করা গেছে। ফলাফলে দেখা যায়, ৩০ নম্বর বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা শতকরা ৩০.২৪ শতাংশ। তবে কর্তৃপক্ষ পাশের হার ৩০ শতাংশ উল্লেখ করেছে। অন্যদিকে, ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন, যা হিসাব অনুযায়ী ৬৯.৬৭ শতাংশ হওয়ার কথা থাকলেও প্রকাশিত ফলে ৬৯.৫০ শতাংশ দেখানো হয়েছে।
এছাড়া অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাতেও পার্থক্য রয়েছে। আগের হিসাব অনুযায়ী অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২৭৭ জন (২৪.২৪ শতাংশ) শিক্ষার্থী। সর্বশেষ তথ্যে অনুপস্থিতির সংখ্যা দেখানো হয়েছে ৪০ হাজার ২২৪ জন, যা শতকরা ২৪.২০ শতাংশ। পাশাপাশি রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ১১০ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
এম/এআর