images

শিক্ষা

মগবাজারে ঢাবির ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনা, আহত ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম

মগবাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী ‘ক্ষণিকা’ বাস। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ করেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, আমি বাসেই ছিলাম। আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি।

এ বিষয়ে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ডাকসু নেতারা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

এমআর /এআরএম