images

শিক্ষা

বর্ষবরণে উৎসবের রঙ, গান-নৃত্যে মুখর ঢাবির বটতলা

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সঙ্গীত বিভাগের উদ্যোগে ‘নব আনন্দে জাগো বর্ষবরণ’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে সকাল ১০টা পর্যন্ত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি নৃত্য পরিবেশনাও ছিল অন্যতম আকর্ষণ। বর্ণিল উপস্থাপনায় শিল্পীরা নতুন বছরের আহ্বান জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা বর্ষবরণ উপলক্ষে নানা গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানটি দোয়েল ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

দর্শনার্থী ফেরদৌস রহমান বলেন, ‘বর্ষবরণ করতে আয়োজিত এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ঢাবি ক্যাম্পাসে দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। এবারো তার ব্যতিক্রম হয়নি; গান, নৃত্য আর উৎসবের আবহে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই।’

এসএইচ/এমআর