images

শিক্ষা

মারা গেছেন বিএমইউর ডা. চন্দন কুমার রায়, ভিসির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম

মারা গেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টায় বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।   

ডা. চন্দন কুমার রায়ের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে। তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

এদিকে ডা. চন্দন কুমার রায়ের মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি ডা. চন্দন কুমার রায়ের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার সকালে তার মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে শিক্ষক, চিকিৎসক, সহকর্মী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ঢল নামে—সবাই শেষবারের মতো প্রিয় শিক্ষককে এক নজর দেখার জন্য ভিড় করেন।

পরে রাজধানীর সবুজবাগ শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এসএইচ/এআরএম