জেলা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ডা. রফিকুস সালেহীনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
প্রতিনিধি/টিবি