images

শিক্ষা / সারাদেশ

চবিতে ১২ ফুট লম্বা আরেকটি বিষধর কিং কোবরা উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পিএম

মাত্র দুই দিনের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ৮ ফুট লম্বা আরেকটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে উদ্ধার করেন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ) এর উদ্ধারকারী দলের সদস্যরা।

রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক্সটেনশন ঘরের সামন থেকে সাপটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার।

তিনি বলেন, বিকাল ৪টার দিকে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা সাপটিকে দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরে তারা আমাদের রেসকিউ টিমকে (উদ্ধারকারী দল) বিষয়টি অবগত করে। আমরা সাথে সাথে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করি। সাপটি নাট্যকলা বিভাগের এক্সটেনশন ঘরের সামনের স্লাবে আশ্রয় নিয়েছিলো। পরে আমরা স্লাবটি ভেঙে সাপটিকে উদ্ধার করি।

68a3f2e4-cd2e-476b-b94d-a16ef874e033

তিনি আরও বলেন, সাপটি ছিল প্রায় ১২ ফুট লম্বা। এর নাম কিং কোবরা, যার বাংলা নাম শঙ্খচূড় সাপ। এটি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। সাপটি বর্তমানে আমাদের কাছেই রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ভেনম রিসার্চ সেন্টার যদি সাপটিকে নেয়, তাহলে আমরা তাদেরকে দিয়ে দেব। নয়তো আমরা সাপগুলোর কিছু সায়েন্টিফিক ডাটা সংগ্রহ করে ক্যাম্পাসের গহিন প্রকৃতিতে ছেড়ে দেব।

আরও পড়ুন

চবিতে ৮ ফুট লম্বা বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ বলেন, আমরা বিকাল ৩টার দিকে বিভাগে প্র্যাক্টিস করতেছিলাম। আমরা একটা কল আসলে আমি ফোনে কথা বলতে বের হই, তখন সাপটিকে দেখতে পাই। এরপর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সাপ রেসকিউ টিমকে জানালে ওনারা এসে সাপটিকে উদ্ধার করেন। তবে, কেউ কোনো আক্রমণের শিকার হননি।

লোকালয়ে সাপগুলোর উপস্থিতি বাড়ছে কেন এ বিষয়ে জিজ্ঞেস করলে ড. ইব্রাহীম আল হায়দার বলেন, ক্যাম্পাসের পশ্চিম পাশের পাহাড়গুলো বিশ্ববিদ্যালয়ের না। ওগুলোতে কৃষকরা নিয়মিত চাষাবাদ করে। তারা চাষাবাদের প্রয়োজনে পাহাড়ে আগুন লাগায়, আগাছানাশক ব্যবহার করে, সেজন্য সাপগুলো নিরাপদ আশ্রয়ের জন্য পাহাড় থেকে নেমে আসে।

উল্লেখ্য, গত শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদে অবস্থিত নাট্যকলা বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট। এর মাত্র দুইদিন পর আজ রোববার (১২ এপ্রিল) ১২ ফুট দৈর্ঘ্যের আরেকটি কিং কোবরা সাপ উদ্ধার করেন উদ্ধারকারী দল।

প্রতিনিধি/এসএস