বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষায় ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনের ৯২ শতাংশ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৩৯ জন আবেদন করেছেন। এর অধীনে ৪টি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাস করা হয়েছে।
পরীক্ষাকালীন অনুষদ কেন্দ্রে পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন— প্রোভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী।
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আবেদনকারীর মধ্যে ৯২% উপস্থিত ছিলো।
উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবছর স্বতন্ত্রভাবে ইউনিটটি ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রতিনিধি/টিবি